নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কিকে বিশ্বশক্তিগুলোর অভিনন্দন
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ভারত।
রোববার (১৪ সেপ্টেম্বর) কাঠমান্ডুস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ও তরুণ নেতৃত্বের গণতান্ত্রিক সমাধানের প্রতি অঙ্গীকারের প্রশংসা করে এবং সাম্প্রতিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, নেপালি সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের ভূমিকা দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বেসামরিক সরকারের শান্তিপূর্ণ রূপান্তর নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, আগামী ছয় মাসের মধ্যে নতুন সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও একই দিনে সুশিলা কার্কিকে অভিনন্দন জানিয়ে বলেন, চীন ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। নেপালের জনগণ যে উন্নয়নের পথ স্বাধীনভাবে বেছে নিয়েছে, চীন সবসময় তার প্রতি শ্রদ্ধাশীল। তিনি আরও বলেন, পাঁচ নীতির ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থান জোরদার, সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চীন নেপালের সঙ্গে কাজ করতে আগ্রহী।