শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইউক্রেনের ড্রোন হামলায় রুশ তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত, স্থিতিশীল তেলের দাম

ইউক্রেনের ড্রোন হামলায় রুশ তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত, স্থিতিশীল তেলের দাম

favicon
অনলাইন সংস্করণ
ইউক্রেনের ড্রোন হামলায় রুশ তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত, স্থিতিশীল তেলের দাম

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি তেল পরিশোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বেড়েছিল। তবে মঙ্গলবার দাম আবার স্থিতিশীল অবস্থায় রয়েছে।


রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুড ফিউচারস ৪ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৬৭.৪৮ ডলার এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ সেন্ট বেড়ে ৬৩.৩২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে সোমবার ব্রেন্টের দাম ৪৫ সেন্ট বেড়ে ৬৭.৪৪ ডলার এবং ডব্লিউটিআই-এর দাম ৬১ সেন্ট বেড়ে ৬৩.৩০ ডলারে স্থির হয়েছিল।


বিশ্লেষকরা বলছেন, রাশিয়া বৈশ্বিক তেল উৎপাদনের ১০ শতাংশের বেশি সরবরাহ দেয়। ফলে ইউক্রেনের হামলায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তেলের দামে চাপ সৃষ্টি করছে।


রুশ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রবিবার রাতে ইউক্রেন অন্তত ৩৬১টি ড্রোন ব্যবহার করে বড় ধরনের হামলা চালায়। এতে উত্তর-পশ্চিমাঞ্চলের কিরিশি রিফাইনারিতে আগুন লাগে, যার দৈনিক সক্ষমতা ৩ লাখ ৫৫ হাজার ব্যারেল—রাশিয়ার মোট উৎপাদনের প্রায় ৬.৪ শতাংশ। এর আগে ইউক্রেন রাশিয়ার অন্যতম বড় রপ্তানি টার্মিনাল প্রিমোরস্কেও হামলা চালায়, যার দৈনিক রপ্তানি সক্ষমতা প্রায় ১০ লাখ ব্যারেল। এসব হামলার কারণে গত সপ্তাহে তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছিল।


যুক্তরাষ্ট্রভিত্তিক জেপি মরগানের বিশ্লেষক নাতাশা কানেভা মনে করেন, প্রিমোরস্কে হামলা বৈশ্বিক তেলবাজারে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। আইজি মার্কেট বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এই প্রত্যাশায় ডলার দুর্বল হয়েছে, আর দুর্বল ডলার তেলের দামকে বাড়তি সহায়তা দিচ্ছে।


অন্যদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলো একই পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র চীন ও ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে না। বিনিয়োগকারীদের নজর এখন ১৬-১৭ সেপ্টেম্বর ফেডারেল রিজার্ভের বৈঠকের দিকে, যেখানে সুদ কমানোর সম্ভাবনা প্রবল।