অ্যান্টিফাকে ‘দেশীয় সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বামপন্থী আন্দোলন অ্যান্টিফাকে ‘দেশীয় সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে সোমবার (২২ সেপ্টেম্বর) এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে এএফপি জানায়, ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অ্যান্টিফা বা অ্যান্টি-ফ্যাসিস্ট মূলত ছড়িয়ে থাকা অতিবামপন্থী গোষ্ঠীর শিথিল নেটওয়ার্ক। আদেশে ট্রাম্প এই গোষ্ঠীকে ‘জঙ্গিবাদী ও নৈরাজ্যবাদী উদ্যোগ’ হিসেবে অভিহিত করেছেন।
ট্রাম্প বলেন, “অ্যান্টিফা যুক্তরাষ্ট্রের সরকার পতনের ডাক দিচ্ছে। তারা সহিংসতা ও সন্ত্রাসকে বাকস্বাধীনতা দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা ও আইনের শাসনকে দুর্বল করার মতো সহিংস কার্যক্রমের কারণে অ্যান্টিফাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হলো। এর ফলে অ্যান্টিফা ও তাদের সমর্থনকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ডানপন্থী কর্মী চার্লি কার্ককে হত্যা করা হয়। এ ঘটনায় ২২ বছর বয়সী টাইলার রবিনসনকে অভিযুক্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ।