সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আলে শায়খ ইন্তেকাল
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয় বলে সৌদি রাজকীয় আদালতের বরাতে আল আরাবিয়া জানিয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তারা গ্র্যান্ড মুফতির পরিবার, সৌদি জনগণ এবং পুরো মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানান।
এক বিবৃতিতে বলা হয়, শায়খ আবদুল আজিজের ইন্তেকালে সৌদি আরব ও মুসলিম বিশ্ব একজন প্রখ্যাত আলেমকে হারালো, যিনি ইসলাম ও মুসলমানদের সেবায় অগ্রণী ভূমিকা রেখেছেন।
রাজকীয় নির্দেশনায় জানানো হয়েছে, আজ রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি মসজিদে হারাম, মসজিদে নববি ও দেশের সব মসজিদে তার গায়েবানা জানাজাও পড়ানো হবে।
উল্লেখ্য, শায়খ আবদুল আজিজ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে তিনি অবসর নেন।