গাজায় যুদ্ধবিরতিই ট্রাম্পের নোবেল পাওয়ার শর্ত: ফরাসি প্রেসিডেন্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তাহলে অবশ্যই গাজায় চলমান যুদ্ধ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে ফ্রান্সের বিএফএম টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।
ম্যাকরন বলেন, “গাজায় যুদ্ধ থামাতে একমাত্র চাপ প্রয়োগ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আমরা সেটা পারি না, কারণ আমরা যুদ্ধে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করি না। কিন্তু যুক্তরাষ্ট্র সেটা করে।”
এদিন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় ট্রাম্প পশ্চিমা মিত্রদের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “এটি হামাসের জন্য পুরস্কার হবে।” একই সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, “আমাদের অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে হবে।”
ম্যাকরন এ প্রসঙ্গে বলেন, “আমি দেখছি একজন মার্কিন প্রেসিডেন্ট বলছেন, তিনি শান্তি চান এবং সাতটি সংঘাত সমাধান করেছেন। তবে নোবেল শান্তি পুরস্কার কেবল তখনই সম্ভব, যদি তিনি এই যুদ্ধ বন্ধ করতে পারেন।”
এদিকে, কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানসহ কয়েকটি দেশ এ বছর ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে। নিজেও ট্রাম্প দাবি করেছেন, তিনি এ সম্মানের যোগ্য, কারণ এর আগে তার চারজন পূর্বসূরি মার্কিন প্রেসিডেন্ট এ পুরস্কার পেয়েছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি ও স্থিতিশীলতার জন্য এত কিছু করেছেন, যা জাতিসংঘে উপস্থিত সবার সম্মিলিত প্রচেষ্টার চেয়েও বেশি। তিনি যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করার মাধ্যমে বিশ্ব স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”