গাজামুখী সুমুদ ফ্লোটিলার সুরক্ষায় নৌবহর পাঠাল স্পেন-ইতালি
গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া সুমুদ ফ্লোটিলার নিরাপত্তায় নৌবহর পাঠিয়েছে ইতালি ও স্পেন। বহরে থাকা জাহাজগুলোকে সুরক্ষা ও প্রয়োজনে উদ্ধার কার্যক্রম চালাতে বুধবার (২৪ সেপ্টেম্বর) রওনা দেয় দুটি সামরিক নৌযান। খবর বিবিসির।
সম্প্রতি তিউনিসিয়া ও গ্রিস উপকূলে একাধিকবার ড্রোন হামলার শিকার হয় সুমুদ ফ্লোটিলা। এতে বেশ কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। পরে সুরক্ষার দাবিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান ফ্লোটিলায় থাকা মানবাধিকারকর্মীরা। তাদের অনুরোধের ভিত্তিতেই পদক্ষেপ নেয় স্পেন ও ইতালি।
এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার নৌবহরের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা গেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, সর্বশেষ তারা গ্রিসের ক্রেট দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিয়ে এগোচ্ছিল।
উল্লেখ্য, স্পেনের বার্সেলোনা থেকে গাজামুখী যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলি বাধায় আগের চারটি মিশন ভেস্তে গেলেও এবার পঞ্চম দফায় প্রায় ৫০টি নৌযান অংশ নিচ্ছে। বহরে আছেন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৪ দেশের মানবাধিকার কর্মীরা।