শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › উত্তর কোরিয়ার কাছে ২ হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম: দক্ষিণ কোরিয়ার দাবি

উত্তর কোরিয়ার কাছে ২ হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম: দক্ষিণ কোরিয়ার দাবি

favicon
অনলাইন সংস্করণ
উত্তর কোরিয়ার কাছে ২ হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম: দক্ষিণ কোরিয়ার দাবি

উত্তর কোরিয়ার কাছে প্রায় দুই হাজার কেজি (দুই টন) উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী চুং ডং-ইয়ং এ তথ্য জানান।


তিনি বলেন, ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস (এফএএস) ও অন্যান্য বিশেষজ্ঞদের হিসেবে, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে ৯০ শতাংশের বেশি বিশুদ্ধতায় প্রায় দুই হাজার কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত আছে। যা প্রায় ৪৭টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট।


মন্ত্রী জানান, বর্তমানে উত্তর কোরিয়ার চারটি স্থানে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ কার্যকর রয়েছে। মাত্র ৪২ কেজি ইউরেনিয়াম দিয়েই একটি পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। তিনি সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক উন্নয়ন রোধ এখন জরুরি। তবে নিষেধাজ্ঞা দিয়ে নয়, বরং পিয়ংইয়ং ও ওয়াশিংটনের সরাসরি বৈঠকের মাধ্যমেই এর সমাধান হতে পারে।


অন্যদিকে সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আলোচনায় বসতে রাজি, তবে শর্ত হলো— তাদের পারমাণবিক অস্ত্রাগার বজায় রাখতে হবে।


জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০০৬ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর থেকে পিয়ংইয়ং তাদের অস্ত্র কর্মসূচি চালিয়ে আসছে। সিউলের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ার একাধিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে, যার মধ্যে ইয়ংবিয়ন স্থাপনাটি ২০২১ সালে আবার সক্রিয় করা হয়েছে।


দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সম্প্রতি জাতিসংঘে প্রতিশ্রুতি দিয়েছেন, উত্তরের সঙ্গে উত্তেজনার ‘দুষ্টচক্র’ ভেঙে ফেলা হবে। তবে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে তিনি কট্টর অবস্থান নেবেন বলেও ঘোষণা করেছেন।