জাপানে দুই দশক ধরে মেয়ের লাশ ফ্রিজে, গ্রেপ্তার ৭৫ বছরের মা
জাপানের ইবারাকি প্রিফেকচারে ৭৫ বছর বয়সী কেইকো মোরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি প্রায় দুই দশক ধরে নিজের মেয়ে মাকিকোর মৃতদেহ ফ্রিজে সংরক্ষণ করে আসছিলেন।
স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানান, মঙ্গলবার মোরির বাসায় তদন্তকালে একটি ডিপ ফ্রিজ থেকে প্রাপ্তবয়স্ক নারীর দেহ উদ্ধার করা হয়। মোরি স্বীকার করেছেন, এটি তার মেয়ে মাকিকোর লাশ। ১৯৭৫ সালে জন্ম নেওয়া মাকিকোর বয়স এখন হলে প্রায় ৫০ বছর হতো।
পুলিশ জানিয়েছে, মৃতদেহে আংশিক পচন ধরেছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।
মোরি তদন্তকারীদের বলেছেন, লাশ থেকে গন্ধ ছড়ানোয় তিনি ফ্রিজ কিনে সেখানে মেয়ের দেহ রেখেছিলেন।
তিনি সম্প্রতি স্বামীকে হারান এবং বর্তমানে একাই বসবাস করছিলেন। তবে তার অন্যান্য সন্তানদের বিষয়ে পুলিশ কিছু জানায়নি।