শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় ত্রাণ সংগ্রহে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত আড়াই হাজার ফিলিস্তিনি: বিতসেলেম

গাজায় ত্রাণ সংগ্রহে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত আড়াই হাজার ফিলিস্তিনি: বিতসেলেম

favicon
অনলাইন সংস্করণ
গাজায় ত্রাণ সংগ্রহে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত আড়াই হাজার ফিলিস্তিনি: বিতসেলেম

ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিতসেলেম জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে আড়াই হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তর গাজায় দুর্ভিক্ষে আটকে থাকা কয়েক লক্ষ মানুষের মধ্যেই এ হত্যাকাণ্ড ঘটে বলে বৃহস্পতিবার আনাদোলুর খবরে জানানো হয়।


সংস্থাটি জিকিম ক্রসিং থেকে প্রকাশিত এক ভিডিওতে জানায়, উত্তর গাজায় সাহায্য পৌঁছানোর একমাত্র প্রবেশপথ ছিল এই ক্রসিং, যা ১২ সেপ্টেম্বর বন্ধ করে দেওয়া হয়। এরপর হতাশ লোকজন ঘণ্টার পর ঘণ্টা হেঁটে খাদ্য সংগ্রহ করতে এলে তাদের ওপর চালানো হয় নির্বিচার গুলি।


প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়, ত্রাণবাহী ট্রাক আসার সঙ্গে সঙ্গেই লোকজন ছুটে গেলে গুলি শুরু হয়। অসংখ্য মানুষ নিহত ও আহত হন। উদ্ধারকর্মীরাও কাছে যেতে পারেননি।


নিহতদের একজন ছিলেন আহমাদ আবু রুকবা। তার ভাই তালাল জানান, দীর্ঘ অপেক্ষার পর একটি আটা ভর্তি বস্তা সংগ্রহ করতে পারলেও ফেরার পথে আহমাদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।


বিতসেলেমের হিসাবে, গত মে মাস থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহে আসা অন্তত ২,৫০০ ফিলিস্তিনি নিহত এবং ১৮,৫০০-এরও বেশি আহত হয়েছেন। সংস্থাটি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় চলমান গণহত্যার অংশ হিসেবে ‘দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহারের’ অভিযোগ তুলেছে।


২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৬৫ হাজার ৫০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর অধিকাংশই নারী ও শিশু। অব্যাহত বোমাবর্ষণে এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, সঙ্গে তীব্র খাদ্যসংকট ও রোগব্যাধি ছড়িয়ে পড়েছে।