লাদাখে আন্দোলনের মাঝে খ্যাতিমান পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক গ্রেপ্তার
লাদাখে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তি ও পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে খ্যাতিমান পরিবেশ কর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালেই লাদাখ পুলিশের একটি দল তাকে আটক করে। এর কিছুক্ষণ পরই তার সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল।
বুধবার (২৪ সেপ্টেম্বর) লেহতে হওয়া আন্দোলন সহিংস হয়ে উঠলে চারজন নিহত এবং বহু মানুষ আহত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, ওয়াংচুকের ‘উসকানিমূলক মন্তব্যে’ ওই সহিংসতার সূত্রপাত ঘটে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশি সূত্রে গ্রেপ্তারের সুনির্দিষ্ট অভিযোগ এখনো স্পষ্ট নয়। এপেক্স বডি লেহ, যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, জানিয়েছে—আন্দোলন শান্তিপূর্ণ ছিল; কিছু যুবকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই সহিংসতা ঘটে।
পরিবেশ ও সামাজিক কর্মকাণ্ডে আন্তর্জাতিকভাবে পরিচিত সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরে লাদাখের স্বায়ত্তশাসন ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছেন।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস