শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় একদিনে ইসরাইলি হামলায় নিহত ৯১, থামছে না আগ্রাসন

গাজায় একদিনে ইসরাইলি হামলায় নিহত ৯১, থামছে না আগ্রাসন

favicon
অনলাইন সংস্করণ
গাজায় একদিনে ইসরাইলি হামলায় নিহত ৯১, থামছে না আগ্রাসন

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৪৮ জন গাজা সিটির বাসিন্দা। এর মধ্যে ছয়জন ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, দখলদার বাহিনী মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ চালায়। প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন নিহত হলেও আগ্রাসন থামছে না।


এদিকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ থামানো হবে না। বরং আগামীর দিনে আরও ভয়াবহ হামলা চালানো হবে বলে তিনি ইঙ্গিত দেন।


ফিলিস্তিনি যুদ্ধবিরতি উদ্যোগে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন আট মুসলিম দেশের নেতারা। বৈঠকে ট্রাম্প তাদের হাতে ২১ দফা প্রস্তাব তুলে দেন। বৈঠক শেষে কয়েকজন মুসলিম নেতা জানান, আলোচনাটি ইতিবাচক ছিল।


আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তখনই পরিষ্কার হবে, ইসরাইল আলোচ্য চুক্তি মেনে নেবে কি না।


জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু ইতিমধ্যেই ঘোষণা করেছেন, গাজায় হামলা অব্যাহত থাকবে। অন্যদিকে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তারা যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি অবস্থায় আছেন।