শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › পশ্চিম তীরে সহযোদ্ধাদের গুলিতে নিহত ইসরায়েলি সেনা

পশ্চিম তীরে সহযোদ্ধাদের গুলিতে নিহত ইসরায়েলি সেনা

favicon
অনলাইন সংস্করণ
পশ্চিম তীরে সহযোদ্ধাদের গুলিতে নিহত ইসরায়েলি সেনা

পশ্চিম তীরের উত্তরে সহযোদ্ধাদের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। রবিবার জিত জংশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।


ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাভ (২০)। তিনি প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য এবং উত্তর ইসরায়েলের লোটেম শহরের বাসিন্দা ছিলেন।


প্রাথমিক তদন্তে জানা গেছে, এক ফিলিস্তিনি ট্রাকচালক হঠাৎ সেনাদের দিকে ধেয়ে এসে কাভকে ধাক্কা দেন। এরপর ট্রাকটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এ সময় সেনারা চালকের দিকে গুলি চালালে তিনি নিহত হন। তবে গুলিবর্ষণের সময় কাভও নিজের সহযোদ্ধাদের গুলিতে মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।


আইডিএফ জানায়, হামলাকারী নাবলুস শহরের বাসিন্দা। ঘটনার পর নাবলুস ও আশপাশের গ্রামের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ক্যালকিলিয়া শহর এবং নাবলুসের সঙ্গে রুট ৫৫ ধরে যুক্ত গ্রামগুলোতেও অবরোধ আরোপ করা হয়েছে।


হামাস এ ঘটনাকে স্বাগত জানালেও কোনো দায় স্বীকার করেনি।


এর আগে সম্প্রতি জর্ডান সীমান্তের অ্যালেনবি ব্রিজ ক্রসিংয়ে হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছিলেন। হামলাকারী ছিলেন এক জর্ডানীয় ট্রাকচালক, যিনি গাজা উপত্যকার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিলেন।