শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ভিয়েতনামে টাইফুন বুয়ালোই: মৃত ১১, নিখোঁজ ২০

ভিয়েতনামে টাইফুন বুয়ালোই: মৃত ১১, নিখোঁজ ২০

favicon
অনলাইন সংস্করণ
ভিয়েতনামে টাইফুন বুয়ালোই: মৃত ১১, নিখোঁজ ২০

ভিয়েতনামে টাইফুন বুয়ালোইয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ঝড়ের তাণ্ডবে ভবনের ছাদ ভেঙে পড়েছে এবং বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা উপড়ে পড়েছে।


উত্তর নিন বিন প্রদেশে টাইফুন-সম্পর্কিত ঘূর্ণিঝড়ে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। হুয়ে ও থান হোয়া প্রদেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন।


রবিবার টাইফুন বুয়ালোই দেশের ইস্পাত উৎপাদনকারী কেন্দ্রীয় অঞ্চলকে আঘাত করার পর উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ৩০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছিল। যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্রের মতে, এটি ভিয়েতনামে এই বছরের দশম ঝড়। ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল প্রতি ঘণ্টা)।


দুর্যোগ ও বাঁধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিন বিন থেকে কোয়াং নাগাই পর্যন্ত প্রদেশ এবং শহরগুলি থেকে ২৮,৫০০ এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইস্পাত উৎপাদনের মূল কেন্দ্র হিসেবে পরিচিত হা তিনের ১৫ হাজারের বেশি বাসিন্দাকে স্কুল এবং চিকিৎসা কেন্দ্রগুলিতে স্থানান্তর করা হয়েছে।


প্রায় ১ লাখ ১৭ হাজার সামরিক কর্মী উদ্ধার ও সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে। চারটি অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ রয়েছে এবং ঝড়ের পথে থাকা সমস্ত মাছ ধরার নৌকাকে বন্দরে ফিরিয়ে আনা হয়েছে।


বিজ্ঞানীরা সতর্ক করেছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়গুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ভিয়েতনামে ২০২৫ সালের প্রথম সাত মাসে প্রাকৃতিক দুর্যোগে ১০০-এর বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন।


গত সেপ্টেম্বরের টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামের উত্তরাঞ্চলে ৩.৩ বিলিয়ন ডলারের ক্ষতি এবং শত শত প্রাণহানি ঘটেছিল।