কোয়েটায় ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১০
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কোর (এফসি) সদর দফতরের কাছে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে।
বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানান, আহতদের সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
ভিল লাইনস থানার এসএইচও আমিন জাফর বলেন, বিস্ফোরণের পর আটটি মৃতদেহ সিভিল হাসপাতালে নেওয়া হয়, তবে বাকি দুজনের মরদেহ তখনো উদ্ধার হয়নি।
সিনিয়র এসএসপি মোহাম্মদ বালুচ জানিয়েছেন, বিস্ফোরণ ঘটে যখন একটি গাড়ি মডেল টাউন থেকে হালি রোডে প্রবেশ করছিল, যা এফসি সদর দফতরের খুব কাছেই।
টেলিভিশন ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের সময় রাস্তায় স্বাভাবিক যানবাহন চলাচল করছিল।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি একে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে বলেন,
“ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং চারজন সন্ত্রাসীকে হত্যা করে। কাপুরুষোচিত হামলায় জনগণের মনোবল দুর্বল করা যাবে না।”
তিনি শহিদদের পরিবারদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।