ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ২৭
ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১৪০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাত ১০টার দিকে সেন্ট্রাল ভিসায়াসের সেবু প্রদেশের বোগো সিটির উপকূলে ৬.৯ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ধসে পড়ে এবং শত বছরের পুরনো একটি চার্চও ভেঙে যায়।
সেবু প্রদেশ ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস। ভূমিকম্পের পরও ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর চালু রাখা হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সেবু অঞ্চল। সেখানে দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে।
সান রেমিজিওর উপ-মেয়র আলফি রেইনস জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে পানি সরবরাহের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। উদ্ধারকর্মীদের জন্য খাবার, পানি ও ভারী সরঞ্জামের জরুরি প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্যে জানা গেছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে এর উৎপত্তি। এ ঘটনায় একাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৬। তবে সুনামির কোনো হুমকি ছিল না।