শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প

favicon
অনলাইন সংস্করণ
ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, চলতি বছরের শুরুতে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত থামাতে তার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার দাবি, এই হস্তক্ষেপের ফলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচে।


হোয়াইট হাউসে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, মুনির তাকে প্রকাশ্যে স্বীকৃতি দিয়ে বলেছেন, “এই মানুষটি যুদ্ধ থামিয়ে কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন।”


ট্রাম্প জানান, তার নয় মাসের শাসনামলে অন্তত সাতটি বড় যুদ্ধ মীমাংসা হয়েছে। ভারত-পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এটি ছিল সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি, কারণ উভয় দেশই পারমাণবিক শক্তিধর। আমি তাদের স্পষ্ট জানিয়ে দিই, যুদ্ধ চালালে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে বাণিজ্য করবে না।”


তিনি আরও দাবি করেন, সংঘাত চলাকালে অন্তত সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, তবে কোন দেশের বিমান তা তিনি উল্লেখ করেননি।


প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহালগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিন্ধুর’ চালায়। এর অংশ হিসেবে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় বাহিনী। দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।


ট্রাম্পের দাবি, তার মধ্যস্থতার কারণেই এ যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। তবে ভারত বলছে, পাকিস্তান সেনাবাহিনীর সামরিক অভিযান পরিচালকের উদ্যোগেই যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রথমে পাকিস্তানও ট্রাম্পের দাবি অস্বীকার করলেও পরে তাকে স্বীকৃতি দেয় এবং ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে।