বাজেট সংকটে যুক্তরাষ্ট্র সরকার অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে
বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে পড়েছে যুক্তরাষ্ট্র সরকার। বুধবার (১ অক্টোবর) রাতের প্রথম প্রহর থেকেই কার্যত অচল হয়ে গেছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার আগেই বাজেটের অস্থায়ী বিল পাস করতে ব্যর্থ হয় মার্কিন সিনেট। এতে করে ২০১৮ সালের পর আবারও একই পরিস্থিতির মুখে পড়ল দেশটি।
বাজেট প্রস্তাবকে ঘিরে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দ্বন্দ্বকে দায়ী করা হচ্ছে এ অচলাবস্থার জন্য। মঙ্গলবার সিনেটে সরকারি ব্যয় বাড়ানোর প্রস্তাবে ৬০ ভোট প্রয়োজন হলেও, তা ৪৭–৫৩ ভোটে প্রত্যাখ্যাত হয়।
ফলে সরকারি খরচ কমাতে এবং অপ্রয়োজনীয় কর্মসূচি বন্ধে একযোগে বহু কর্মীকে চাকরিচ্যুত করা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে জরুরি সরকারি সেবাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ৩৫ দিনের শাটডাউন হয়েছিল।