শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজাগামী ফ্লোটিলা আটকাল ইসরায়েলি নৌবাহিনী, আটক গ্রেটা থুনবার্গসহ বহু বিদেশি কর্মী

গাজাগামী ফ্লোটিলা আটকাল ইসরায়েলি নৌবাহিনী, আটক গ্রেটা থুনবার্গসহ বহু বিদেশি কর্মী

favicon
অনলাইন সংস্করণ
গাজাগামী ফ্লোটিলা আটকাল ইসরায়েলি নৌবাহিনী, আটক গ্রেটা থুনবার্গসহ বহু বিদেশি কর্মী

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার উপকূলে পৌঁছানো প্রায় ৩০টি ফ্লোটিলা জাহাজের মধ্যে অন্তত ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এসব নৌকায় বিদেশি কর্মী ও সাহায্যসামগ্রী ছিল বলে জানিয়েছেন আয়োজকরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) এ তথ্য প্রকাশিত হয়।


ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে সেনারা। তাকে ঘিরে রাখা অবস্থায় জাহাজের ডেকে বসে থাকতে দেখা গেছে। রয়টার্স ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।


ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজ থামিয়ে তাদের যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গ্রেটা এবং তার সহযাত্রীরা নিরাপদে আছেন।


গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজায় চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এতে ৪০টিরও বেশি নৌকায় প্রায় ৫০০ যাত্রী ছিলেন, যাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা অন্তর্ভুক্ত। ফ্লোটিলার পক্ষ থেকে টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে আটক যাত্রীরা জানান, তাদের জোর করে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে।


এই মানবিক মিশন আন্তর্জাতিকভাবে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। তুরস্ক, স্পেন ও ইতালিসহ বিভিন্ন দেশ নৌকা বা ড্রোন পাঠিয়েছিল, যাতে তাদের নাগরিকরা গাজায় পৌঁছাতে পারে। তবে ইসরায়েল শুরু থেকেই ফ্লোটিলাকে ফিরে যাওয়ার জন্য সতর্ক করে আসছিল।


ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে একাধিক দেশ। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এ পদক্ষেপকে "সন্ত্রাসী কার্যকলাপ" আখ্যা দিয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের পুরো কূটনৈতিক মিশন বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও ফ্লোটিলা আটককে মানবিক অধিকারের পরিপন্থী হিসেবে নিন্দা করেছেন।


এদিকে, ইতালি ও কলম্বিয়ায় বিক্ষোভ শুরু হয়েছে। ইতালীয় শ্রমিক ইউনিয়ন শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফ্লোটিলা আটক ও গাজাবিরোধী অবরোধের প্রতিবাদে।


ইসরায়েল নৌবাহিনী জানিয়েছে, গাজা একটি সক্রিয় যুদ্ধ এলাকা হওয়ায় ফ্লোটিলাকে থামানো হয়েছে। তারা আরও দাবি করে, সাহায্য সরবরাহের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ চ্যানেল ব্যবহার করার প্রস্তাব পূর্বেই দেওয়া হয়েছিল।


সূত্র: রয়টার্স