রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজাগামী ফ্লোটিলায় ইসরায়েলের হামলা, বিশ্বজুড়ে নিন্দা ও বিক্ষোভ

গাজাগামী ফ্লোটিলায় ইসরায়েলের হামলা, বিশ্বজুড়ে নিন্দা ও বিক্ষোভ

favicon
অনলাইন সংস্করণ
গাজাগামী ফ্লোটিলায় ইসরায়েলের হামলা, বিশ্বজুড়ে নিন্দা ও বিক্ষোভ

গাজামুখী মানবিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা ও মানবাধিকারকর্মীদের আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মালয়েশিয়ার পর এবার তুরস্কও ইসরায়েলের এই পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে।


ত্রাণবাহী নৌবহর আটকে দেয়ায় স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয়েছে। একইসঙ্গে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়ার রাস্তায়ও নেমেছে মানুষ।


স্থানীয় সময় বুধবার গভীর রাতে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার অন্তত ১৩টি জাহাজ থামিয়ে সেগুলোতে ওঠে। বন্ধ করে দেয়া হয় নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার। পরে মানবাধিকারকর্মীসহ দুই শতাধিক স্বেচ্ছাসেবককে আটক করে ইসরায়েলের একটি নৌ বন্দরে নেয়া হয়। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘটনাটিকে “ভীতি প্রদর্শন ও জবরদস্তি” আখ্যা দিয়ে বলেছেন, গাজায় খাদ্য ও জীবনরক্ষাকারী সামগ্রী বহনকারী নিরস্ত্র বেসামরিক নাগরিকদের থামিয়ে ইসরায়েল মানবতার প্রতি অবজ্ঞা করেছে। জাহাজগুলোর মধ্যে ১২ জন মালয়েশীয় নাগরিকও ছিলেন।


তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ফ্যাসিবাদী ও সামরিকতাবাদী নীতির বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছে এবং আটক তুর্কি নাগরিকদের মুক্তিতে আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে।


আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস একে শান্তিপূর্ণ মানবিক উদ্যোগের ওপর হামলা আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। দেশটি জানিয়েছে, তারা ফ্লোটিলায় থাকা আইরিশ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে।


এদিকে ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য এমা ফুরো, যিনি নিজেও ফ্লোটিলায় ছিলেন, বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।


আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সসহ আঙ্কারা, মেক্সিকো সিটি, বোগোতা ও মাদ্রিদে বিক্ষোভে অংশ নিয়ে আন্দোলনকারীরা আটক কর্মীদের মুক্তি এবং গাজার অবরোধ ভাঙার দাবি জানান। ইসরায়েলের হাতে আটক হওয়া জাহাজগুলোর একটিতে ছিলেন আর্জেন্টাইন আইনপ্রণেতা সেলেস্ট ফিয়েরো।


ফ্লোটিলার আয়োজকেরা ঘোষণা দিয়েছে, মানবিক সহায়তা পৌঁছানোর মিশন কোনোভাবেই থেমে থাকবে না।


তথ্যসূত্র: আল-জাজিরা ও রয়টার্স