ফ্লোটিলা আটক ইস্যুতে ইতালিজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক
মানবিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটককে কেন্দ্র করে ইতালিতে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। দেশটির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন এ ঘটনায় দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।
বুধবার গভীর রাতে ইসরায়েলি সেনারা বহরের কয়েকটি নৌযানে জোরপূর্বক উঠে পড়ে এবং মানবাধিকারকর্মীদের আটক করে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইউরোপজুড়ে মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ।
রয়টার্স জানায়, ইতালির বিভিন্ন শহরে ইতোমধ্যেই বিক্ষোভ শুরু হয়েছে। নেপলসসহ কয়েকটি বড় শহরে বিক্ষোভকারীরা ট্রেন চলাচল বন্ধ করে দেয়। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকে নেপলসের প্রধান রেলস্টেশনও।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় রয়েছে ৪৫টি বেসামরিক নৌযান ও জাহাজ। এতে বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ মানবাধিকারকর্মী, আইনজীবী, আইনপ্রণেতা ও সমাজকর্মী অংশ নিয়েছেন। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ।