মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পারব: ইসরায়েল-গাজা প্রসঙ্গে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি মধ্যপ্রাচ্যের “৩,০০০ বছরের পুরনো” সংঘাতের অবসান ঘটাতে পারবেন। তার মতে, ইসরায়েল-গাজা যুদ্ধের সমাধানের মধ্য দিয়েই এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। খবর মিডল ইস্ট আইয়ের।
বৃহস্পতিবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের সমস্যা প্রায় ৩,০০০ বছর পর সমাধান হতে পারে। আমরা শুধু গাজা নয়, গাজার সঙ্গে সামগ্রিক শান্তি আনতে যাচ্ছি। এটি হবে একটি অবিশ্বাস্য অর্জন।”
তবে ইতিহাসবিদরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য বিতর্কিত। কারণ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে, যখন ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইনকে বিভক্ত করা হয়। ফলে সংঘাতকে “৩,০০০ বছরের পুরনো” বলে দাবি করার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই।
এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাতে এ পর্যন্ত প্রায় ৬৬ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।