শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ক্যালিফোর্নিয়ায় শেভরন রিফাইনারিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

ক্যালিফোর্নিয়ায় শেভরন রিফাইনারিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

favicon
অনলাইন সংস্করণ
ক্যালিফোর্নিয়ায় শেভরন রিফাইনারিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এল সেগুন্ডোতে অবস্থিত শেভরনের বৃহৎ রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই ঘটনার বিষয়টি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের প্রেস অফিস নিশ্চিত করেছে।


লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। সিবিএস-এর খবরে বলা হয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় ও অঙ্গরাজ্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে জননিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কাউকে সরিয়ে নিতেও হয়নি। লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপারভাইজর হোলি মিচেল বলেন, “আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।”


শেভরনের তথ্য অনুযায়ী, এল সেগুন্ডো রিফাইনারিতে দৈনিক ২ লাখ ৯০ হাজার ব্যারেল পর্যন্ত তেল প্রক্রিয়াজাত করা হয় এবং এখানে মূলত গ্যাসোলিন, জেট ফুয়েল ও ডিজেল উৎপাদিত হয়। প্রায় ১ কোটি ২৫ লাখ ব্যারেল ধারণক্ষমতার ১৫০টিরও বেশি ট্যাঙ্ক রয়েছে এই স্থাপনাটিতে।


লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস জানিয়েছেন, শহরের অগ্নিনির্বাপক বিভাগ যেকোনো প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত। তবে আগুনের কারণে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।