ম্যানচেস্টারে ইহুদি উপাসনালয়ে হামলা: হামলাকারীর পরিচয় প্রকাশ, নিহত ২
ইংল্যান্ডের ম্যানচেস্টারে ইহুদি উপাসনালয়ের বাইরে গাড়ি তুলে দেওয়া ও ছুরিকাঘাতে দুইজন নিহত এবং তিনজন আহত হওয়ার ঘটনায় নিহত এক হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। বৃহস্পতিবার ইয়োম কিপুর উপলক্ষে পূর্ণ ভিড় থাকা হিটন পার্ক হিব্রু কংগ্রিগেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে গুলিতে নিহত হামলাকারীর নাম জিহাদ আল-শামি। তিনি সিরীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক। প্রথমে তিনি গাড়ি দিয়ে উপাসনালয়ের বাইরে ভিড়ের মধ্যে ঢুকে পড়েন, পরে ছুরি নিয়ে হামলা চালান। হামলার পরপরই পুলিশ তাকে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। উত্তর ম্যানচেস্টারের প্রেস্টউইচ এলাকায় তার বাড়ি বলে ধারণা করা একটি বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই হামলা ইয়োম কিপুরের দিনে ঘটায় তা আরও ভয়াবহ হয়ে উঠেছে। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং জরুরি সেবা ও প্রথম সাড়া দানকারীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, সারা দেশে ইহুদি উপাসনালয়গুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম বলেন, শহরটি একটি গুরুতর ঘটনার মুখোমুখি হলেও তাৎক্ষণিক বিপদ কেটে গেছে। তিনি জানান, গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং সাধারণ মানুষ ও নিরাপত্তাকর্মীরা অসাধারণ সহযোগিতা করেছেন।