তিউনিশিয়ায় ফ্লোটিলা নৌকায় ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু—সিবিএস
তিউনিশিয়ার সিদি বু সাঈদ বন্দরে নোঙর করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি নৌকায় ড্রোন হামলার সরাসরি নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে দাহ্য পদার্থ ফেলে। এতে বন্দরের বাইরে থাকা পর্তুগিজ ও ব্রিটিশ পতাকাবাহী দুটি নৌযানে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক জনগণ বা বেসামরিক স্থাপনায় দাহ্য অস্ত্র ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। হামলার বিষয়ে এখনো ইসরায়েলি সেনাবাহিনী বা নেতানিয়াহুর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, গাজার উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর ফ্লোটিলার প্রায় সব নৌযান আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। বুধবার রাতে প্রথমে ১৩টি নৌযান আটক করা হয়। এর পরও বাকি ৩০টি নৌযান গাজার উদ্দেশে এগিয়ে গেলে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একে একে ২৯টি নৌযান আটক করে সেনারা। শুক্রবার সকালে সর্বশেষ নৌযানটিও আটক হয়।
এ অভিযানে ফ্লোটিলার অন্তত ২০ জন সাংবাদিককেও গ্রেপ্তার করেছে ইসরায়েল।