বিক্ষোভে উত্তাল জর্জিয়া, প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের
আবারও বিক্ষোভ ও সহিংসতায় উত্তাল জর্জিয়া। শনিবার (৪ অক্টোবর) রাতে রাজধানী তিবলিসিতে প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের চেষ্টা করে আন্দোলনকারীরা, যা ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে এদিন রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়। নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে রুশপন্থি ক্ষমতাসীন দল ‘জর্জিয়ান ড্রিম (জিডি)’–এর বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয় দেশের প্রধান দুই বিরোধী দল। এরই ধারাবাহিকতায় শত শত বিক্ষোভকারী রাজপথে নেমে আসে।
প্রেসিডেন্ট প্রাসাদের সামনে মিছিল নিয়ে জড়ো হলে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে তীব্র সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে দাঙ্গা পুলিশ পিপার স্প্রে ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত বছর থেকেই ইউরোপীয় ইউনিয়নে যোগদানের দাবিতে জর্জিয়ায় আন্দোলন চলছে, যা সাম্প্রতিক নির্বাচনী উত্তেজনায় আরও তীব্র রূপ নিয়েছে।