ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আটক অধিকারকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ
গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে অংশ নেওয়ার পর বহু আন্তর্জাতিক অধিকারকর্মীকে জোরপূর্বক গ্রেফতার করে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। আটক অবস্থায় তাদের সঙ্গে অমানবিক আচরণ ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন মালয়েশিয়ার অধিকারকর্মী হাযওয়ানি হেলমি।
এক বিবৃতিতে তিনি বলেন, “আইডিএফ সেনারা আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করেছে। খাবার, বিশুদ্ধ পানি এমনকি ওষুধও দেওয়া হয়নি।”
একই ধরনের অভিযোগ করেছেন মার্কিন মানবাধিকারকর্মী উইন্ডফিল্ড বিয়াভার। তিনি ইস্তাম্বুল বিমানবন্দরে সাংবাদিকদের জানান, আটক থাকার সময় গ্রেটা থানবার্গকেও কঠোরভাবে নির্যাতন করা হয়েছে।
তুর্কি সাংবাদিক ও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সদস্য এরসিন সেলিক স্থানীয় গণমাধ্যমকে বলেন, “আমি নিজ চোখে দেখেছি, গ্রেটা থানবার্গকে টেনে হেঁচড়ে নেওয়া হয় এবং তাকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়।”
সূত্র: আল জাজিরা