ইসরায়েলের হাতে আটক ২১ মার্কিন ফ্লোটিলা সদস্যের মুক্তিতে চাপের আহ্বান কংগ্রেসম্যানদের
ইসরায়েলের হাতে আটক ২১ জন মার্কিন নাগরিকের মুক্তির দাবিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান রো খান্না এবং ক্যালিফোর্নিয়ার আরও ২০ জনের বেশি ডেমোক্র্যাট সদস্য।
সোমবার (৬ অক্টোবর) তারা এক যৌথ চিঠিতে এই আহ্বান জানান।
চিঠিতে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসিসহ আইনপ্রণেতারা উল্লেখ করেন, গত সপ্তাহে ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে হামলা চালিয়ে ওই মার্কিন নাগরিকদের আটক করে। বর্তমানে ২১ জন আমেরিকান এখনও ইসরায়েলের হেফাজতে রয়েছেন।
আটকদের মধ্যে আছেন ক্যালিফোর্নিয়ার ডেভিড অ্যাডলার, টমি মার্কাস, জেরালডিন রামিরেজ ও লগান হলারস্মিথ।
ডেভিড অ্যাডলার প্রগ্রেসিভ ইন্টারন্যাশনালের সহ-সমন্বয়ক এবং তিনি গাজার ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার একটি ‘অসহিংস মিশন’-এর অংশ হিসেবে এই অভিযানে যোগ দেন।
চিঠিতে বলা হয়েছে—
“আমরা প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি, যেন তারা অবিলম্বে তাদের ক্ষমতার সবকিছু ব্যবহার করে এই মার্কিন নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করেন।”
আইনপ্রণেতারা আরও যোগ করেন—
“আমরা চাই, যুক্তরাষ্ট্র সরকার একটি বিমানের ব্যবস্থা করুক, যাতে আটক মার্কিন কর্মীদের দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়।”
গত বুধবার থেকে ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজগুলিতে অভিযান চালিয়ে ৫০টিরও বেশি দেশের ৪৭০ জনেরও বেশি কর্মীকে আটক করে।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র লক্ষ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিনের ইসরায়েলি অবরোধ ভাঙা।
প্রায় ১৮ বছর ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ চলছে, যেখানে ২৪ লাখেরও বেশি মানুষ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। অব্যাহত হামলায় অঞ্চলটি এখন বাসের অযোগ্য অবস্থায় রয়েছে।