শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইসরায়েলে আটক সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক মুক্তি পেয়েছেন

ইসরায়েলে আটক সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক মুক্তি পেয়েছেন

favicon
অনলাইন সংস্করণ
ইসরায়েলে আটক সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক মুক্তি পেয়েছেন

ইসরায়েলে আটক হওয়া পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক সিনেটর মুশতাক আহমদ খান জর্ডানের রাজধানী আম্মানে পাকিস্তান দূতাবাসে নিরাপদে পৌঁছেছেন। তিনি বর্তমানে সুস্থ ও চাঙা মনোবলে আছেন, মঙ্গলবার এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।


মুশতাক আহমদ ছিলেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানে পাকিস্তানি প্রতিনিধিদলের প্রধান, যেখানে অংশ নিয়েছিলেন বিভিন্ন দেশের কর্মী, রাজনীতিবিদ ও জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ। ৪৫টি জাহাজের এই ফ্লোটিলা গাজার উদ্দেশে যাত্রা করলেও, ইসরায়েলি বাহিনী সেটি আটক করে এবং যাত্রীদের গ্রেপ্তার করে পরবর্তীতে বহিষ্কার করে দেয়।


ইসহাক দার এক্সে লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, সাবেক সিনেটর মুশতাককে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এখন নিরাপদে পাকিস্তান দূতাবাসে রয়েছেন এবং সুস্থ আছেন।” তিনি আরও জানান, প্রয়োজনে তার দেশে ফেরার ব্যবস্থা দূতাবাস গ্রহণ করবে। একই সঙ্গে এই প্রক্রিয়ায় সহায়তাকারী বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।


অন্যদিকে, মুক্তির পর মুশতাক আহমদ নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও বার্তায় বলেন, “ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে আমাদের লড়াই শেষ হয়নি। আমি আমার ১৫০ জন সহযাত্রীসহ জর্ডানে পৌঁছেছি এবং অবশেষে বন্দিদশা থেকে মুক্ত হয়েছি।”


তিনি আরও জানান, “আমাদের হাত পেছনে বাঁধা ছিল, পায়ে শিকল পরানো হয়েছিল, চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। আমাদের ওপর কুকুর ছেড়ে দেওয়া হয়, বন্দুক তাক করা হয় এবং নৃশংসভাবে নির্যাতন করা হয়।”