🇺🇸 যুক্তরাষ্ট্রে H-1B ভিসায় কড়াকড়ি, তবুও এনভিডিয়ার ইতিবাচক সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ H-1B ভিসা প্রোগ্রামে নতুন কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক ঘোষণায় জানান, এখন থেকে এই ভিসার আবেদন ফি হবে ১ লাখ ডলার, যাতে স্থানীয় আমেরিকানদের চাকরির সুযোগ বাড়ে।
তবে এই সিদ্ধান্তের মধ্যেও প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া ঘোষণা দিয়েছে, তারা আগের মতোই বিদেশি কর্মীদের H-1B ভিসা স্পন্সর করবে এবং সব সরকারি ফি ও খরচ কোম্পানিই বহন করবে।
এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং কর্মীদের উদ্দেশে পাঠানো বার্তায় বলেন,
“আমি নিজেও এনভিডিয়ার অনেক অভিবাসীর একজন। আমরা আমেরিকায় যে সুযোগ পেয়েছি, তা আমাদের জীবন বদলে দিয়েছে। এনভিডিয়ার সাফল্য অভিবাসী প্রতিভাবান মানুষদের ছাড়া সম্ভব হতো না।”
তিনি আরও যোগ করেন যে,
“যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উদ্ভাবনে নেতৃত্ব ধরে রাখতে বৈধ অভিবাসন অত্যন্ত জরুরি। এনভিডিয়া বিশ্বের সেরা মেধাবীদের সুযোগ দিয়ে যাবে।”
এদিকে, ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করেছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠন, তাদের দাবি—এই ফি ‘অন্যায়, অযৌক্তিক ও বেআইনি’, কারণ কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট এমন পরিবর্তন করতে পারেন না।