রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সব জিম্মি ও মৃতদেহ সোমবার ফেরত আসবে: ট্রাম্প

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সব জিম্মি ও মৃতদেহ সোমবার ফেরত আসবে: ট্রাম্প

favicon
অনলাইন সংস্করণ
গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সব জিম্মি ও মৃতদেহ সোমবার ফেরত আসবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির পর গাজায় আটক সব জিম্মি — এমনকি মৃতদের দেহও — সোমবার ফেরত পাঠানো হবে বলে তিনি বিশ্বাস করেন।


ফক্স নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “জিম্মিদের মুক্তির জন্য অনেক কিছুই ঘটছে, এবং আমরা মনে করছি তারা সবাই সোমবার ফিরে আসবে। এর মধ্যে মৃতদের দেহও অন্তর্ভুক্ত থাকবে।” রিপাবলিকান এই প্রেসিডেন্ট বুধবার রাতে এ মন্তব্য করেন।


তিনি জানান, এই পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস তাদের সব জিম্মিকে মুক্তি দেবে, আর ইসরায়েল তাদের সেনা নির্দিষ্ট সীমারেখার পেছনে সরিয়ে নেবে। মিসরে অনুষ্ঠিত আলোচনার মাধ্যমে এই চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানান ট্রাম্প।


ট্রাম্প আরও ইঙ্গিত দেন, এই যুদ্ধবিরতি চুক্তি শুধু গাজায় নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যে শান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরানও এতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।


ট্রাম্প বলেন, “এটা শুধু গাজা নিয়ে নয়, এটা পুরো মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে। আমি বিশ্বাস করি, ইরানও এই প্রক্রিয়ার অংশ হবে। বিশ্ব এই চুক্তির পেছনে এক হয়েছে — এটি ইসরায়েলের জন্য দারুণ, মুসলমান ও আরব দেশগুলোর জন্য দারুণ, এবং যুক্তরাষ্ট্রের জন্যও দারুণ।”


তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, আঞ্চলিক উত্তেজনা কমে গেলে ভূমধ্যসাগর তীরবর্তী গাজা একসময় সমৃদ্ধ ও আধুনিক অঞ্চলে পরিণত হতে পারে।

“গাজা পুনর্গঠিত হবে,” বলেন ট্রাম্প। “আশেপাশের দেশগুলো, যাদের প্রচুর সম্পদ আছে, তারা এতে সহায়তা করবে — কারণ তারাও এই পরিবর্তন দেখতে চায়। আমরা তাদের এই প্রচেষ্টায় সাহায্য করব এবং এটিকে শান্ত রাখতেও সহায়তা করবো।”