ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তি সই করল ইসরায়েল ও হামাস
গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে চুক্তি সই করেছে ইসরায়েল ও হামাস।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি বলেন,
“আমি গর্বের সঙ্গে জানাচ্ছি, ইসরায়েল ও হামাস উভয়েই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে। খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।”
চুক্তির খবর প্রকাশ্যে আসার পর গাজার খান ইউনিসে ফিলিস্তিনি তরুণদের উল্লাস করতে দেখা গেছে।
এদিকে, যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী কাতারও বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্সে এক বার্তায় বলেন,
“আজ রাতে গাজায় শান্তি স্থাপন সংক্রান্ত পরিকল্পনার প্রথম ধাপের সব শর্ত বাস্তবায়নে একটি চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে গাজায় যুদ্ধের অবসান ঘটবে, সব ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে এবং ত্রাণ প্রবেশে আর কোনো বাধা থাকবে না।”
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার ঘোষণা দেন।
তিনি জানান, পরিকল্পনার কপি পাঠানো হয়েছে ইসরায়েল, হামাস, মিসর ও কাতারকে— যেখানে হামাস ছাড়া বাকিরা আগেই সম্মতি জানিয়েছিল।
পরে ৩ অক্টোবর হামাসের সম্মতি পাওয়ার পর ট্রাম্প ৪ অক্টোবর ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দেন।
এরপর ৬ অক্টোবর মিসরের শারম আল শেখে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, হামাস, মিসর ও কাতারের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই দিনের আলোচনার পর অবশেষে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করে ইসরায়েল ও হামাস।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আলোচনার সফল অগ্রগতি নিশ্চিত হলে তিনি শিগগিরই মধ্যপ্রাচ্য সফরে যাবেন।
তথ্যসূত্র: এএফপি ও আল-জাজিরা