গাজায় স্থিতিশীলতার জন্য যৌথ টাস্ক ফোর্সে যুক্তরাষ্ট্রের ২০০ সেনা, কেউ থাকবে না গাজার মাটিতে
গাজায় স্থিতিশীলতা আনতে গঠিত হতে যাওয়া একটি যৌথ টাস্ক ফোর্সে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, যেখানে ২০০ জন মার্কিন সেনা মোতায়েন করা হবে। তবে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে অবস্থান করবে না, জানিয়েছে দুইজন সিনিয়র মার্কিন কর্মকর্তা। খবর রয়টার্সের।
নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, এই ২০০ সেনা সদস্য মিশর, কাতার, তুরস্ক ও সম্ভাব্যভাবে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।
এর আগে বৃহস্পতিবার মিশরের শারম আল-শেখে গাজা উপত্যকায় দুই বছর ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধের অবসানে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হয়।
গত ২৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা বিষয়ে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেন, যার মূল লক্ষ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।
পরিকল্পনায় রয়েছে—
সব ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি,
ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার,
হামাসকে বাদ দিয়ে নতুন প্রশাসনিক কাঠামো গঠন,
আরব-ইসলামী দেশগুলোর যৌথ বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা,
হামাসের নিরস্ত্রীকরণ,
এবং আরব ও ইসলামী দেশগুলোর অর্থায়নে গাজা পুনর্গঠন।
পরিকল্পনার অংশ হিসেবে সীমিত আকারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অংশগ্রহণ রাখার কথাও বলা হয়েছে।