শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল, ফিরতে পারবেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল, ফিরতে পারবেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

favicon
অনলাইন সংস্করণ
প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল, ফিরতে পারবেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

ইসরায়েল প্রতিদিন ৬০০টি ত্রাণবাহী ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেবে। জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি খাতের তত্ত্বাবধানে এসব ট্রাকে খাদ্য, ওষুধ, আশ্রয় উপকরণ, জ্বালানি এবং রান্নার গ্যাস বহন করা হবে।


ইসরায়েলের আর্মি রেডিওর এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধ চলাকালে গাজা উপত্যকা থেকে মিশরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি নাগরিকরা এবার রাফাহ সীমান্তপথ দিয়ে নিজ এলাকায় ফেরার সুযোগ পাবেন।


প্রতিবেদনে আরও বলা হয়, গাজার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে সালাহ আল-দিন ও আল-রশিদ সড়ক ব্যবহার করে ত্রাণবাহী ট্রাকগুলো চলাচল করবে।


২০২৫ সালের জানুয়ারিতে স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুসারে রাফাহ সীমান্তপথে গাজাবাসীরা মিশরে যাতায়াত করতে পারবেন। তবে এই প্রক্রিয়া ইসরায়েলের অনুমোদনসাপেক্ষে এবং ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের অধীনে হবে।


মিশরে যাওয়ার ক্ষেত্রে গাজাবাসীর সংখ্যায় কোনো সীমাবদ্ধতা থাকবে না। এই উদ্যোগের ফলে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো মিশরে অবস্থানরত গাজার বাসিন্দারা নিজ এলাকায় ফেরার সুযোগ পাবেন।


প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মিশরের সঙ্গে সমন্বয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গাজাবাসীদের প্রত্যাবর্তন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

সূত্র: আল জাজিরা