চীনা পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, সফটওয়্যার রফতানিতেও নিয়ন্ত্রণ আসছে
আগামী মাস থেকে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি গুরুত্বপূর্ণ সফটওয়্যার রফতানির ওপরও নতুন করে নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। খবর বিবিসি।
এর আগে ট্রুথে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, চীন তাদের বিরল জ্বালানি রফতানিতে কড়াকড়ি আরোপ করে ‘শত্রুতাপূর্ণ’ আচরণ করছে। তিনি দাবি করেন, এভাবে চীন বিশ্বকে ‘জিম্মি’ করার চেষ্টা চালাচ্ছে।
এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক থেকেও সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। যদিও পরে তিনি বলেন, বৈঠকটি এখনো বাতিল করা হয়নি, তবে সেটি আদৌ হবে কিনা তা নিশ্চিত নয়।
ট্রাম্পের এসব মন্তব্যের পর মার্কিন পুঁজিবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। সূচক ২ দশমিক ৭ শতাংশ কমে বন্ধ হয়েছে, যা গত এপ্রিলের পর সবচেয়ে বড় পতন বলে জানা গেছে।