ট্রাম্প–শি বৈঠক বাতিলের পর ওয়াল স্ট্রিটে ঐতিহাসিক ধস
মার্কিন শেয়ারবাজারে শুক্রবার দেখা গেছে এক ঐতিহাসিক পতন, যা ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদে সবচেয়ে বড় ধস হিসেবে রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে বাণিজ্যিক উত্তেজনা সৃষ্টি এবং ট্রাম্প–শি বৈঠক বাতিলের ঘোষণার পরই ওয়াল স্ট্রিটে এই বিপর্যয় নেমে আসে।
মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার দিনের শেষে ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো এপ্রিলের পর সবচেয়ে দ্রুত নিম্নমুখী হয়, ফলে সপ্তাহজুড়ে অর্জিত সব লাভ মুছে যায়। বিশ্লেষকদের মতে, এটি ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সবচেয়ে বড় বাজার পতন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল এবং চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি বাজারে ব্যাপক প্রভাব ফেলে। ডাও জোন্স সূচক ৯০০ পয়েন্ট বা ২.৪ শতাংশ কমে যায়, নাসডাক সূচক পড়ে ৩.৫ শতাংশ, আর এসঅ্যান্ডপি ৫০০ সূচক নেমে যায় ২.৫ শতাংশ। প্রযুক্তি খাতেও বড় ধস দেখা যায়— কোয়ালকমের শেয়ার একদিনে প্রায় ৭ শতাংশ কমে যায়।
অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা বৃদ্ধিই এই বাজার অস্থিরতার মূল কারণ। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “বর্তমান পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্টের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে।” তিনি আরও জানান, প্রশাসন এখন চীনা পণ্যের ওপর “বৃহৎ মাত্রায় নতুন শুল্ক আরোপের” পরিকল্পনা করছে।
বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা আরও গভীর করবে এবং দুই পরাশক্তির মধ্যে বাণিজ্যযুদ্ধ নতুন করে তীব্র হতে পারে। ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারগুলোতেও অস্থিরতা দেখা দিতে শুরু করেছে।
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট