পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে রণক্ষেত্র, দুই দেশের প্রধান সীমান্তপথ বন্ধ ঘোষণা
পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে চলমান ব্যাপক সংঘর্ষ ও উত্তেজনার কারণে পরিস্থিতি চরমে পৌঁছেছে। এর ধারাবাহিকতায় আজ রোববার (১২ অক্টোবর) পাকিস্তান দুটি প্রধান সীমান্তপথ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
(সূত্র: রয়টার্স)
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে থাকা তোরখাম ও চামান সীমান্তপথ বন্ধ করেছে। পাশাপাশি খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খানসহ অন্তত তিনটি ছোট সীমান্তপথও বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে কাবুল এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার (১,৬০০ মাইল)।
এর আগে শনিবার রাতভর পাকিস্তানি সেনা ও তালেবান যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়। আফগানিস্তান দাবি করেছে, সংঘর্ষে তাদের বাহিনী ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। তবে পাকিস্তান তা নিশ্চিত করেনি। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের পাল্টা হামলায় আফগান বাহিনীর হতাহতের ঘটনা ঘটেছে, যদিও সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
ক্রমবর্ধমান এই সংঘাত সীমান্ত অঞ্চলে আঞ্চলিক অস্থিরতা ও মানবিক সংকটের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।