ট্রাম্পের শান্তি পরিকল্পনায় স্পষ্টতার অভাব: রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি মনে করেন, পরিকল্পনাটিতে পর্যাপ্ত স্পষ্টতা ও ভারসাম্য নেই।
ল্যাভরভ বলেন, “ট্রাম্পের শান্তি পরিকল্পনায় শুধু গাজার প্রসঙ্গই উল্লেখ করা হয়েছে, কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে কোনো নির্দিষ্ট দিকনির্দেশনা নেই।”
অনলাইন আল জাজিরার এক প্রতিবেদনে ল্যাভরভকে উদ্ধৃত করে বলা হয়, “আমরা লক্ষ্য করছি ট্রাম্প কেবল গাজা নিয়ে কথা বলেছেন, কিন্তু পশ্চিম তীরের ভবিষ্যৎ কী হবে, তা স্পষ্ট নয়। আশা করি ভবিষ্যতে এই পরিকল্পনাটি আরও পরিষ্কারভাবে উপস্থাপন করা হবে।”
রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে মস্কোর পক্ষ থেকে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া জানায়, ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা যথেষ্ট বিস্তারিত বা সুদূরপ্রসারী নয়।
তবে ল্যাভরভ বলেন, “আমরা আশা করি, এই পরিকল্পনার আওতায় ইসরায়েল ও হামাসের মধ্যে সম্পাদিত সব চুক্তি বাস্তবায়িত হবে।” তিনি আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই এই অঞ্চলের সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে শান্তি প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন।
সূত্র: রয়টার্স।