টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ক্ষুব্ধ ট্রাম্প: “আমার চুলই গায়েব করে দিয়েছে!”
টাইম ম্যাগাজিনের নতুন সংখ্যার প্রচ্ছদে নিজের ছবি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটিকে তিনি আখ্যা দিয়েছেন—“এযাবৎকালের সবচেয়ে বাজে প্রচ্ছদ।” অভিযোগ করেছেন, ম্যাগাজিনটি তার চুল গায়েব করে দিয়েছে এবং মাথায় এমন কিছু বসিয়েছে, যা দেখতে “অদ্ভুত এক ভাসমান মুকুটের মতো।”
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ এক পোস্টে ট্রাম্প লেখেন,
“টাইম ম্যাগাজিন আমার সম্পর্কে মোটামুটি ভালো প্রতিবেদন লিখেছে, কিন্তু প্রচ্ছদের ছবিটা ভয়ংকর খারাপ। তারা আমার চুলই গায়েব করে দিয়েছে! নিচের দিক থেকে তোলা ছবি আমার কখনোই পছন্দ না, কিন্তু এই ছবিটা সত্যিই অসহ্য।”
তিনি আরও প্রশ্ন তোলেন,
“টাইম ম্যাগাজিন আসলে করছে কী? কেন করছে?”
এর আগেও টাইম ম্যাগাজিন নিয়ে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে ম্যাগাজিনটি যখন হোয়াইট হাউসের ওভাল অফিসে বসা ধনকুবের ইলন মাস্কের ছবি প্রচ্ছদে ছাপে, তখন ট্রাম্প ব্যঙ্গ করে লিখেছিলেন—“টাইম ম্যাগাজিন এখনো টিকে আছে? আমি তো ভেবেছিলাম অনেক আগেই বন্ধ হয়ে গেছে!”
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, টাইম ম্যাগাজিনের নতুন সংখ্যার শিরোনাম “His Triumph” বা “তার বিজয়”। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ট্রাম্পকে কৃতিত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন চুক্তিটিকেই ম্যাগাজিনটি “ট্রাম্পের কূটনৈতিক সাফল্য” হিসেবে তুলে ধরেছে।