পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ: ১২ আফগান নিহত, শতাধিক আহত
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘাতে পাকিস্তানি বাহিনীর হামলায় ১২ জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ১০০ জন আহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সকালে আফগান তালেবান মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বে টুইটার)-এ পোস্ট দিয়ে ঘটনাটি নিশ্চিত করেন। খবর রয়টার্সের।
সংঘর্ষের সূচনা ও পালটা হামলা
জিও নিউজ জানায়, মঙ্গলবার বিকেলে কুররম সীমান্তে আফগান সেনাবাহিনী ও নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) যৌথভাবে বিনা উসকানিতে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানি সেনারা আফগানিস্তানের চারটি সীমান্ত পোস্ট ও ছয়টি ট্যাংক ধ্বংসের দাবি করেছে।
ধ্বংস হওয়া পোস্ট ও প্রাণহানি
পাকিস্তান সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, সংঘাতের এক ঘণ্টার মধ্যেই খোস্ট প্রদেশের শামশাদ সেনাপোস্ট ধ্বংস করা হয়। এরপর নার্গসার, তুর্কমানজাই এবং পোলসেন নামের আরও তিনটি পোস্টে হামলা চালায় পাকিস্তান। এসব পোস্টে মোতায়েন থাকা ট্যাংক ও অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।
পাকিস্তানের দাবি অনুযায়ী, এই চার পোস্টে বেশ কয়েকজন আফগান সেনা ও টিটিপি যোদ্ধা নিহত হন। এক কর্মকর্তা জানান, হামলার মুখে অনেক সেনা পালিয়ে যান এবং একটি পোস্টে সাদা পতাকা তুলে আত্মসমর্পণের ইঙ্গিতও দেওয়া হয়।
পূর্বের সংঘর্ষের প্রেক্ষাপট
এর আগে, চলতি মাসের ১১ অক্টোবর আফগান সেনারা পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল ও বারামচা এলাকাসহ বিভিন্ন সীমান্তে হামলা চালায়। তখনও পাকিস্তান পাল্টা জবাব দেয়। ঐ সংঘাতে ২০০ আফগান সেনা ও ২৩ পাকিস্তানি সেনা নিহত হয় বলে দাবি করে পাক সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ দপ্তর (আইএসপিআর)।
এই সাম্প্রতিক সংঘাত দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।