উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে ভয়াবহ এক আত্মঘাতী হামলায় অন্তত সাতজন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকালে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানে অবস্থিত একটি সামরিক শিবিরে জঙ্গিরা বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়। গাড়িটি সামরিক শিবির হিসেবে ব্যবহৃত একটি দুর্গের সীমানা প্রাচীরে ধাক্কা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এরপর আরও দুজন জঙ্গি সেখানে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের গুলি করে হত্যা করে।
এ ঘটনায় সাত সেনা নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পাকিস্তানের সেনাবাহিনী এ হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ঘটনাটি ঘটেছে পাক-আফগান সীমান্তে দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিনে। যুদ্ধবিরতি শুক্রবার দুপুর ১টায় শেষ হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, ২০২১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর প্রত্যাহারের পর আফগান তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কে উত্তেজনা বাড়ছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে।
সূত্র: রয়টার্স, আরব নিউজ