দোহায় বৈঠকে পাকিস্তান-আফগানিস্তান আবারও যুদ্ধবিরতিতে সম্মত
দীর্ঘ উত্তেজনার পর আবারও যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্তে পৌঁছায় দুই দেশ। রোববার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে, খবর রয়টার্সের।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তারা যুদ্ধবিরতিকে স্থায়ী করার পাশাপাশি এর সঠিক বাস্তবায়ন নিশ্চিতে ভবিষ্যতে আরও বৈঠক ও আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে।
এর আগে গত বুধবার ঘোষিত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালায়। ফলে নতুন এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে, তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে।