দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলায় ধ্বংস সাবমেরিন, দুইজনকে নিজ দেশে ফেরত পাঠানোর কথা নিশ্চিত করলেন ট্রাম্প
দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে মার্কিন বাহিনীর হামলায় ধ্বংস হওয়া একটি মাদকবাহী সাবমেরিনের দুই জীবিত ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ অক্টোবর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
ট্রাম্প বলেন, সাবমেরিনটিতে মোট চারজন মাদক-সন্ত্রাসী ছিল। তাদের মধ্যে দুইজন নিহত ও দুইজন বেঁচে যায়। বেঁচে যাওয়া দুজনকে কলম্বিয়া ও ইকুয়েডরে ফেরত পাঠানো হয়েছে। তিনি আরও জানান, “এতো বিশাল এক মাদকবাহী সাবমেরিন ধ্বংস করতে পারা যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল অর্জন ও গর্বের বিষয়।”
মার্কিন গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ধ্বংস হওয়া সাবমেরিনটিতে বিপুল পরিমাণ ফেন্টানাইলসহ অন্যান্য নিষিদ্ধ মাদক বহন করা হচ্ছিল।
ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে সামরিক অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক হামলাগুলোয় মার্কিন বোমাবর্ষণে অন্তত ২৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।