ফিলিপাইনে ঝড় ফেংশেনের তাণ্ডব: একই পরিবারের ৫ জন নিহত, ৪৭ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে
ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজন জুড়ে বয়ে যাওয়া গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফেংশেনের তাণ্ডবে একই পরিবারের পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে দুই ও ১১ বছর বয়সী দুই শিশু।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সনি ওম্বাজিনো বার্তা সংস্থা এএফপি-কে জানান, ভোরের দিকে একটি বিশাল গাছ বাড়ির ওপর আছড়ে পড়লে সবাই চাপা পড়ে মারা যান। ঘটনাটি ঘটেছে রাজধানী ম্যানিলা থেকে প্রায় ১৫৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পিটোগো শহরের কাছের একটি গ্রামে।
রাজ্য আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভোরে ঝড়টির বেগ ছিল ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার, যা ম্যানিলার উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতেও প্রবল ঝুঁকি তৈরি করে।
দক্ষিণ-পূর্ব লুজনের উপকূলীয় এলাকায় গতকাল শনিবার (১৮ অক্টোবর) থেকে ৪৭,০০০-এর বেশি মানুষকে সম্ভাব্য বন্যা ও ভূমিধসের আশঙ্কায় নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
ফিলিপাইন প্রতি বছর গড়ে প্রায় ২০টি ঝড় ও টাইফুনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব ঝড় আগের তুলনায় আরও বেশি শক্তিশালী ও বিধ্বংসী হয়ে উঠছে।
ঝড় ফেংশেন এমন সময় আঘাত হেনেছে, যখন গত তিন সপ্তাহে ধারাবাহিক ভূমিকম্পে অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।
সূত্র: ব্যারনস