যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে দেশজুড়ে সেনা মোতায়েন ভেনেজুয়েলার, ‘অস্ত্র হাতে নাও’ আহ্বান মাদুরোর
যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকির জবাবে দেশজুড়ে সেনা মোতায়েন শুরু করেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপকূলীয় অঞ্চলে দিনব্যাপী পরিচালিত হয় বৃহৎ সামরিক মহড়া। এ সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক করে বলেন, “প্রয়োজনে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে অস্ত্র হাতে নামতে হবে।”
‘কোস্ট ইন্ডিপেনডেন্স টু জিরো জিরো’ নামের এই মহড়ায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে ব্যাপক সামরিক প্রস্তুতি নেয় কারাকাস। দেশজুড়ে সেনা সদস্যদের অবস্থান জোরদার করা হয়েছে। মাদুরো বলেন, “যদি তারা আমাদের মাটিতে পা রাখার সাহস করে, তাহলে শ্রমিক, কৃষক, নারী-পুরুষ সবাই হবে আমাদের ঢাল। রাস্তায় রাস্তায় প্রতিরোধ গড়ে উঠবে—এটাই আমার নির্দেশ।”
অন্যদিকে, ভেনেজুয়েলার কাছাকাছি বি-টু বোমারু বিমান মোতায়েন সংক্রান্ত গণমাধ্যমের খবরকে “মিথ্যা ও ভিত্তিহীন” বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, “বি-ওয়ান বোম্বার পাঠানোর তথ্য সঠিক নয়। তবে আমরা ভেনেজুয়েলার ওপর সন্তুষ্ট নই—এর পেছনে মাদক ছাড়াও আরও অনেক কারণ রয়েছে।”
ভেনেজুয়েলা সরকারের দাবি, যুক্তরাষ্ট্র ‘মাদকবিরোধী অভিযান’কে অজুহাত করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও মাদুরো সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে।
সূত্র: আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।