যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পর ইউলংয়ের সঙ্গে তেলচুক্তি বাতিল করল একাধিক আন্তর্জাতিক কোম্পানি
যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পর চীনের ইউলং পেট্রোকেমিক্যাল কোম্পানির সঙ্গে তেল সরবরাহ চুক্তি বাতিল করেছে বিশ্বের বেশ কয়েকটি বড় জ্বালানি প্রতিষ্ঠান।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নবনির্মিত ইউলং রিফাইনারিটি প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল শোধনের সক্ষমতা রাখে। এটি রাশিয়া থেকে তেল আমদানি করা অন্যতম বৃহৎ চীনা প্রতিষ্ঠান। গত সপ্তাহে যুক্তরাজ্য ইউলংসহ কয়েকটি কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় আনে, যাতে রাশিয়ার তেল রাজস্ব হ্রাস পায়—যা ইউক্রেন যুদ্ধের অর্থায়নে ব্যবহৃত হচ্ছে বলে লন্ডনের অভিযোগ।
চুক্তি বাতিল করা সরবরাহকারীদের মধ্যে রয়েছে ইউরোপের বড় জ্বালানি কোম্পানি টোটালএনার্জিস, বিপি, সৌদি আরামকো, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন, ট্রেডিং হাউস ট্রাফিগুরা, এবং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোচায়না ইন্টারন্যাশনাল।
বাতিল হওয়া এসব চুক্তির অধিকাংশই ১৩ নভেম্বরের পর স্পট কার্গোর জন্য লোড হওয়ার কথা ছিল। এর মধ্যে সৌদি আরামকো ও কুয়েত পেট্রোলিয়ামের দুটি চালানে প্রতিটিতে ২০ লাখ ব্যারেল তেল সরবরাহের পরিকল্পনা ছিল।
এছাড়া, পেট্রোচায়না ও টোটালএনার্জিস কানাডার অ্যাকসেস ওয়েস্টার্ন ব্লেন্ড নামের ভারি অপরিশোধিত তেল সরবরাহের চুক্তিও বাতিল করেছে।
সূত্র জানায়, ট্রেডিং হাউস ট্রাফিগুরা প্রতি মাসে ইউলংকে ওমান ও আবুধাবির আপার জাকুম তেলের প্রায় ২০ লাখ ব্যারেল সরবরাহ করত, যা এখন স্থগিত করা হয়েছে।