পর্তুগালে বাংলাদেশি যুবক শামীম হোসেনকে ছুরিকাঘাতে হত্যা
পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে কোস্টা দা কাপারিকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন শামীম হোসেন (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি। নিহত শামীমের বাড়ি কুমিল্লা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম স্থানীয় একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি নিজের সাইকেল নিয়ে কাজে যান। দোকানের সামনে সাইকেল পার্কিং করার পরপরই এক আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তি সেটি চুরি করে পালানোর চেষ্টা করেন।
শামীম বিষয়টি টের পেয়ে চোরকে পিছু ধাওয়া করে ধরার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে চোর ছুরি দিয়ে শামীমের বুকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান শামীম হোসেন।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান চালাচ্ছে।
ঘটনাটি ঘিরে স্থানীয় বাংলাদেশ কমিউনিটি ও প্রবাসীরা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।