বেঙ্গালুরুতে ডেলিভারি যুবককে ধাওয়া করে হত্যা, গ্রেপ্তার দম্পতি
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরু শহরে খাবার সরবরাহ করতে যাওয়া এক যুবককে ধাওয়া করে হত্যার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। গাড়ির সঙ্গে স্কুটারের সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। গত ২৫ অক্টোবর রাতে শহরের নাটরাজা লেআউটে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে টাইমস নাও নিউজ।
পুলিশ জানায়, অভিযুক্তরা হলেন কেরালার বাসিন্দা ৩২ বছর বয়সী মার্শাল আর্ট প্রশিক্ষক মনোজ কুমার এবং তার স্ত্রী জম্মু ও কাশ্মীরের ৩০ বছর বয়সী আরতি শর্মা।
নিহত দর্শন কেমবাট্টালির বাসিন্দা এবং অবিবাহিত ছিলেন। ওই রাতে রাত ৯টার দিকে খাবার সরবরাহ করতে যাওয়ার পথে দর্শনের স্কুটার মনোজের গাড়ির গ্লাসে ধাক্কা লাগে। দর্শন সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে চলে যান, কিন্তু এতে মনোজ ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করেন। কিছু দূর গিয়ে মনোজ গাড়ি ঘুরিয়ে দর্শনের স্কুটারকে পিছন দিক থেকে ধাক্কা মারেন।
দর্শন ও তার বন্ধু বরুণ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দর্শনকে মৃত ঘোষণা করেন।
পরে দর্শনের বোন প্রথমে অজ্ঞাত এক গাড়িচালকের বিরুদ্ধে হিট-অ্যান্ড-রান মামলা দায়ের করলেও, পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায় ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। ভিডিওতে দেখা যায়, মনোজ গাড়ি ঘুরিয়ে ইচ্ছাকৃতভাবে দর্শনের স্কুটারে ধাক্কা দেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন।
পরে রাত ৯টা ৪০ মিনিটের দিকে মনোজ ও তার স্ত্রী ঘটনাস্থলে ফিরে এসে মুখে মাস্ক পরে গাড়ির ভাঙা অংশ সংগ্রহ করতে থাকেন।
শেষ পর্যন্ত পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। আদালত তাদের ১৪ দিনের বিচারিক হেফাজতের নির্দেশ দিয়েছে।