রাহুল গান্ধীর কটাক্ষ: “ইন্দিরা গান্ধী ভয় পাননি, কিন্তু মোদি আমেরিকার সামনে নতজানু”
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছেন। ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি মোদির সঙ্গে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তুলনা করেছেন।
বিহারের নালন্দায় এক জনসভায় রাহুল বলেন,
“১৯৭১ সালের যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী আমেরিকাকে ভয় পাননি। কিন্তু নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখেন না।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তার নৌবাহিনী পাঠিয়েছিল ভারতকে ভয় দেখাতে। কিন্তু ইন্দিরা গান্ধী দৃঢ়ভাবে বলেছিলেন, ‘আমরা আমেরিকার নৌবাহিনীকে ভয় পাই না, তারা যা খুশি করুক।’ সেই নারী ছিলেন ইন্দিরা গান্ধী। আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার তুলনায় কাপুরুষ।”
রাহুল গান্ধী মোদিকে উদ্দেশ করে চ্যালেঞ্জ ছোড়েন—
“যদি মোদির সাহস থাকে, তাহলে তিনি প্রকাশ্যে বলুন, আমেরিকার প্রেসিডেন্ট মিথ্যা বলছেন। কিন্তু তিনি তা কখনোই করবেন না।”
রাহুলের এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি ভারতের ‘অপারেশন সিঁদুর’ বন্ধে হস্তক্ষেপ করেছিলেন, যার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সংঘাত এড়ানো যায়।
রাহুল বলেন,
“ট্রাম্প প্রায় ৫০ বার প্রধানমন্ত্রী মোদিকে অপমান করেছেন। তবুও মোদি তার মুখে কিছু বলেননি। বরং ট্রাম্পের সঙ্গে দেখা করা থেকে এখন ভয়ে লুকিয়ে আছেন।”
অন্যদিকে, ভারতীয় কর্মকর্তারা ট্রাম্পের এসব দাবিকে আগেই ‘ভিত্তিহীন ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন।