রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ট্রাম্প দম্পতির উপহার রাখা জন্য মূল্য পরিশোধ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ট্রাম্প দম্পতির উপহার রাখা জন্য মূল্য পরিশোধ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

favicon
অনলাইন সংস্করণ
ট্রাম্প দম্পতির উপহার রাখা জন্য মূল্য পরিশোধ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া একটি নকশা করা রুপার নেকলেস নিজের কাছে রাখতে মূল্য পরিশোধ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।


দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরে ট্রাম্প দম্পতির দ্বিতীয় যুক্তরাজ্য সফরের সময় স্টারমার এই উপহারগুলো পান। ওই সফরে পাওয়া উপহারগুলোর মধ্যে এটি ছিল একমাত্র উপহার যা তিনি নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেন।


ট্রাম্প দম্পতি স্টারমারকে আরও দুটি উপহার দেন—একটি গলফ ক্লাব ও একটি রুপার কাফলিংক সেট, দুটিতেই ব্যক্তিগত খোদাই করা ছিল। এছাড়া স্টারমারের স্ত্রী ভিক্টোরিয়ার জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছিল একজোড়া কাউবয় বুট। তবে এই তিনটি উপহার যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিসের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে।


সরকারি নিয়ম অনুযায়ী, কোনো মন্ত্রীর কাছে যদি ১৪০ পাউন্ডের বেশি মূল্যের উপহার আসে, তবে তিনি সেটি রাখতে চাইলে উপহারের প্রকৃত মূল্যের সঙ্গে ১৪০ পাউন্ড বাদ দিয়ে বাকি অর্থ সরকারকে পরিশোধ করতে হয়। নেকলেসটির সঠিক মূল্য প্রকাশ করা হয়নি এবং ডাউনিং স্ট্রিট এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে।


এই সফরে ট্রাম্প দম্পতিকে আতিথ্য দেওয়া হয়েছিল উইন্ডসর ক্যাসেলে। সফর চলাকালীন স্টারমার ট্রাম্পকে উপহার দেন প্রেসিডেন্সিয়াল সিল ও পদবি খোদাই করা একটি লাল মন্ত্রিসভার বাক্স এবং মেলানিয়া ট্রাম্পকে দেওয়া হয় ইউক্রেনীয় শিশুদের আঁকা নকশার একটি রেশমের ওড়না।


যদিও এসব উপহার সাধারণত প্রতীকী সৌজন্য হিসেবে দেওয়া হয়, তবুও ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে উপহার বিনিময় অতীতে একাধিক বিতর্কের জন্ম দিয়েছে।


২০০৯ সালে সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ওয়াশিংটনে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকে উপহার দেন দাসপ্রথা-বিরোধী জাহাজ এইচএমএস গ্যানেট-এর কাঠ দিয়ে তৈরি একটি শৈল্পিক কলমদানি। কিন্তু ওবামার পাল্টা উপহার—২৫টি আমেরিকান ক্লাসিক চলচ্চিত্রের সাধারণ একটি ডিভিডি সেট—কূটনৈতিকভাবে সমালোচিত হয়।


তবে রাষ্ট্রপ্রধানদের মধ্যে উপহারের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল কাতারের পক্ষ থেকে ট্রাম্পকে দেওয়া ৪০০ মিলিয়ন ডলারের বিলাসবহুল বোয়িং ৭৪৭ বিমান, যা যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল।


এছাড়া, রাজনীতিতে প্রবেশের আগে ট্রাম্পের বিরুদ্ধে নকল গয়না উপহার দেওয়ার অভিযোগও ওঠে। অভিনেতা চার্লি শিন দাবি করেছিলেন, ট্রাম্প একবার তার বিয়েতে উপহার হিসেবে যে হীরা ও প্লাটিনামের কাফলিংকস দিয়েছিলেন, সেগুলো পরে নকল বলে প্রমাণিত হয়।