নিউ ইয়র্কে খাদ্য সংকটে জরুরি অবস্থা ঘোষণা
নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে চলমান শাটডাউনের কারণে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোকুল। শুক্রবার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া পরিস্থিতিতে, অঙ্গরাজ্যের প্রতিটি পরিবারের খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে ৬ কোটি ৫০ লাখ ডলার জরুরি তহবিল বরাদ্দের আশ্বাস দিয়েছেন তিনি।
গভর্নর হোকুল জানিয়েছেন, জরুরি খাদ্য সহায়তার সময় নিউ ইয়র্কের সব স্কুলে সকাল ও দুপুরের খাবার প্রদান করা হবে। এছাড়া ফুড ব্যাংকগুলোতে সহায়তা দিতে স্বেচ্ছাসেবক দলের নিয়োগের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।
হোকুলের মতে, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে ৩০ লাখ নিউ ইয়র্কারের খাদ্য সহায়তা বন্ধ হতে পারে, যা অঙ্গরাজ্যটিকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলে এবং কৃষক, ব্যবসায়ী ও দোকান মালিকদেরও ক্ষতিগ্রস্ত করবে। তিনি বলেন,
“পরিবারগুলো যদি টেবিলে খাবার রাখতে না পারে, আমি ওয়াশিংটনের মতো বসে থাকতে পারি না।”
এদিকে, নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক এডামস জানিয়েছেন, জরুরি খাদ্যাবস্থার সময় শহরে ১ দশমিক ৫ কোটি ডলার অর্থ সহায়তা করা যাবে, যা গভর্নরের বরাদ্দের তুলনায় অনেক কম।